ওসমানীনগরে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন : শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৭, ১১:৩২ অপরাহ্ণ
জুবেল আহমেদ:
ওসমানীনগরে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঘন ঘন লোড-শেডিং-এ বিষন্ন সবার মন। যার প্রভাব পড়ছে সদ্য শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের উপরও। দেখা যায়, ওসমানীনগরের ৮টি ইউনিয়ন উমরপুর, তাজপুর, গোয়ালাবাজার, বুরুঙ্গা বাজার, সাদিপুর, পশ্চিম পৈলন পুর, উসমানপুর ও দয়ামীর এলাকায় সকাল থেকেই থাকেনা বিদ্যুৎ। যদিও মাঝেমধ্যে আসে তবে তা কিছু সময়ের জন্য। এই অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট যেমন জনজীবন বিপর্যস্ত করে তুলেছে তেমনিভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও পড়ছে ক্ষতিরমূখে। তাছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ও ঘটছে ব্যঘাত। এক এইচএসসি পরীক্ষার্থী জানান, ”বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভালো করে পড়াশোনা করতে পারছিনা। যখনই পড়তে বসছি তখনি বিদ্যুৎ চলে যায়, এভাবে পড়ালেখা করা খুব কষ্টকর। তার থেকে বিদ্যুৎ না থাকাই ভালো। আমি আশা করি অতি শীঘ্রই কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভ্রাট নিরসনে কাজ করবে।”
এদিকে গোয়ালা বাজারের এক ব্যবসায়ী জানান, ”ঘন ঘন লোড-শেডিং এর কারণে আমাদের ব্যবসা প্রতিষ্টান চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। বেচা-কেনা খুব কম।”
আরেক ব্যবসায়ী জানান, ”আমাদের দোকান বিদ্যুতের উপর নির্ভর করেই চলে। এভাবে যদি লোড-শেডিং হয় তাহলে আমরা ব্যবসা করব কিভাবে। আর পরিবারের খরচই বা বহন করব কিভাবে।”
ওসমানীনগরে এখন সবারই যেন এক দাবি, অনতিবিলম্বে বিদ্যুত বিভ্রাট নিরসন করা।






