ওসমানীনগরে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে পুলিশের অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৭, ৬:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
জঙ্গী তৎপরতা প্রতিরোধের সাধারণ মানুষদের নিরাপত্তা ও সচেতন করার লক্ষ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে পুলিশের অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রের এ অভিযান শুরু হয়। পুলিশ ভাড়াটিয়াদের সাথে কথা বলে তাদের স্থায়ী ঠিকানা, পেশা, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করছে। সাংবাদিক জনপ্রতিনিধিদের নিয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী এ তথ্য সংগ্রহ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, মো. কয়েছ মিয়া, ইউপি সদস্য আব্দুস সামাদ, ব্যবসায়ী ফয়জুল হক প্রমূখ।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তার জন্য আমরা ওসমানীনগর উপজেলার বিভিন্ন এলাকার সকল ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছি। কেউ তথ্য গোপন করলে বা জাতীয় পরিচয়পত্র যাচাইকালে ভুয়া পাওয়া গেলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








