ওসমানীনগরে ইলিয়াস পত্নী লুনার পথসভায় হামলা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫২ পূর্বাহ্ণ
আ’লীগ-বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার পথসভায় অর্তকিত হামলা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোয়ালাবাজারে ঘটনাটি ঘটে। পথসভায় হামলা হলেও ইলিয়াস পত্নী লুনা অক্ষত আছেন। হামলার পর পথসভা পন্ড হয়ে যায়। পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুলিশি প্রহরায় পথ সভায় বক্তব্য রাখেন লুনা। এ ঘটনা নিয়ে আ’লীগ ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
লুনার পথ সভায় হামলার ঘটনায় বিএনপি স্থানীয় আ’লীগকে দায়ী করলেও আ’লীগ তা প্রত্যাখান করে হামলার ঘটনাটি বিএনপির অভ্যন্তরিন কোন্দলের জের বলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরীর নির্বাচনী পথ সভায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পথ সভায় বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরীর বক্তব্য চলাকালে হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা দৃর্বৃত্তরা পথ সভায় ঢিল ছুড়ে লাটি নিয়ে হামলা করে পালিয়ে যায়। হামলার পর পথ সভায় আসা বিএনপির নেতা কর্মিরা ছুটাছুটি শুরু করেন। এ সময় ইলিয়াস পত্নী লুনাকে কিছু নেতা কর্মিরা অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে নিয়ে যায়।
ওসমানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদ ফখর সুরমানিউজকে জানান, স্থানীয় আ’লীগে কোন্দল থাকায় নির্বাচনে তাদের ভরাডুবির আশংকায় আমাদের পথ সভায় আ’লীগই হামলা করেছে।
ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু সুরমানিউজকে বলেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী ও বিএনপি নেতা বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়ার গ্রুপের মধ্যে গত মঙ্গলবার রাতে বিএনপি নেতা চেরাগ আলীর বাড়িতে ইলিয়াস পত্নী লুনার উপস্থিতিতে মারামারি হয়। এ ঘটনার জের ধরে তাদের অভ্যন্তরীন কোন্দলের কারণে লুনার পথ সভায় হামলার ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরমানিউজকে বলেন, বিএনপির অভ্যন্তরিন কোন্দলের কারণে তাদের নিজেদের মধ্যে ঘটনাটি ঘটেছে।







