ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই বলয়ে তিন মিছিল!
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটের ওসমানীনগরে প্রকাশ্যে এসেছে উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিভাজন। দলের পক্ষ থেকে ঐক্যের বার্তা দেওয়া হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পৃথক ব্যানারে দুই বলয়ে তিনটি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে একই উপজেলায় দলের নেতাকর্মীদের এমন পৃথক কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওসমানীনগরের তাজপুর ও গোয়ালাবাজারে পৃথক এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিকেল ৩টায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার ব্যানারে তাজপুর কদমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কদমতলা থেকে তাজপুর বাজার পর্যন্ত একটি মিছিল বের করেন নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, সহ দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ ও তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ প্রমুখ।
অন্যদিকে, একই সময় তাজপুর বাজারে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যানারে বিএনপি নেতা এনাম পীরের নেতৃত্বে পৃথক একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে এনাম পীর ও হাবিবুর রহমান জয়নালসহ নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে বিকেল ৪টায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যানারে গোয়ালাবাজারে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া। মিছিলে সাবেক ইউপি চেয়ারম্যান ইমারান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একই দিনে ওসমানীনগরে পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দলের অভ্যন্তরীণ বিভাজনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।






