রোমাঞ্চকর লড়াইয়ে বালাগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওসমানীনগর
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা ফুটবল দল। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ওসমানীনগর।
সোমবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল। খেলা শুরুর পর থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে। খেলার ২২ মিনিটে জুয়েবের প্রথম গোলে এগিয়ে যায় ওসমানীনগর উপজেলা ফুটবল দল। তবে গোল খাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় বালাগঞ্জ এবং দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে সমতায় ফিরে তারা।
৬৯ মিনিটে রতনের গোলে ব্যবধান বাড়ায় ওসমানীনগর। ৭২ মিনিটে জুয়েলের গোলে ৩-১ ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ওসমানীনগর ফুটবল দল। তবে শেষ মুহূর্তে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বালাগঞ্জ ফুটবল দল। ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমিয়ে আনে ৩-২ এ আনেন নাফিজ ইকবাল আঙ্গুর। শেষ মিনিট পর্যন্ত চেষ্টা চালালেও আর কোনো গোলের দেখা পায়নি বালাগঞ্জ। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ওসমানীনগর উপজেলা ফুটবল দল।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলার প্রতিটি মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস মাঠকে উৎসবমুখর করে তোলে।






