সিলেটে বইছে নির্বাচনী হাওয়া
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
তফসিল ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করেছে কয়েকটি রাজনৈতিক দল। প্রার্থীরা পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছেন। এবারই ঘটছে এ ব্যতিক্রমী দৃশ্য। এমনকি দলের শীর্ষ নেতারাও নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। এতে করে সিলেটের ভোটের মাঠে নির্বাচনের হাওয়া বইছে। প্রার্থীরা সক্রিয় হওয়ায় নিজ নিজ দলের ভোটাররাও চাঙ্গা। তবে প্রধান দল বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। একেক আসনে একাধিক প্রার্থী কাজ করে যাচ্ছেন। তাদের ঘিরে ভোটার মহলও সরব।
দলটির সিলেটের নেতারা জানিয়েছেন, বিএনপি’র তরফ থেকে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দলের শীর্ষ নেতারা মাঠে যাদের গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ততা রয়েছে তাদের মনোনয়ন দেয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। সবদিক বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করার পর নাম ঘোষণা হতে পারে। সিলেটে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বিএনপি। সিলেটের ছয়টি নির্বাচনী আসনে এবার খোদ বিএনপি’রই অন্তত ৩০ জন নেতা মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের ঘিরে গত এক বছর ধরে মাঠে ভোটাররা সরব রয়েছেন।
সিলেট বিএনপি’র নেতাদের পাশাপাশি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিএনপি’র নেতারা এসে মনোনয়নের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন। আর এই সময়ে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির দাওয়াত নিয়ে গ্রামে গ্রামে ছুটছেন। কোনো প্রার্থীই তার নিজের প্রচারণায় নেই। সবাই ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দেশের মনোনয়নপ্রত্যাশী নেতারা অনেকেই ছুটছেন যুক্তরাজ্যে। সেখান থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দোয়া নিয়ে এসে প্রচারণা শুরু করছেন। মঙ্গলবার সিলেটের প্রতিটি উপজেলা, পৌরসভায় বিএনপি’র পক্ষ থেকে বিজয় র্যালি করা হয়। আর এই বিজয় র্যালিকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের শোডাউন দিয়েছেন। নেতাকর্মীদের নিয়ে তারা উপজেলা ও পৌর শহর কাঁপিয়েছেন।
সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন- বিএনপি হচ্ছে নির্বাচনমুখী রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেটি আমাদের নেতা তারেক রহমান অনেক আগে থেকেই বলছেন। সুতরাং সিলেটে বিএনপি’র নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে কাজ করছেন। দলের শীর্ষ নেতারা এখন মাঠপর্যায়ে নেতাদের অবস্থান ও জনসম্পৃক্ততার বিষয়গুলো বিশ্লেষণ করছেন। যৌক্তিক সময়ে বিএনপি’র প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি বলেন, সিলেট বিএনপি’র নেতাদের সঙ্গে কয়েকদিন আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চ্যুয়ালি সভা করেছেন। সভায় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে মাঠে কাজ করছি বলে জানান তিনি। এদিকে, সিলেটে সবার আগে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করা হয়েছে। সিলেটের প্রার্থী তালিকায় রয়েছেন কয়েকজন কেন্দ্রীয় নেতাও। দলের তৃণমূলের নেতাকর্মীরাও নির্বাচনমুখী রয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা। অনেকেই পোস্টারিং করছেন। মঙ্গলবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সিলেট নগরসহ সব উপজেলায় বিজয় র্যালি বের করা হয়েছে। আর এসব র্যালির মধ্যমণি ছিলেন প্রার্থীরা। জামায়াত ছাড়াও সিলেটে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোটের একাংশের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আমীরে খেলাফত মজলিস ও মহাসচিব মাসখানেক আগে সিলেটে এসে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এখন প্রার্থীরা নিজ নিজ এলাকায় চষে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন জেলার সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন। মঙ্গলবার সিলেট ও বিশ্বনাথে পৃথক কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীও। মাসখানেক আগে সিলেটে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।
কেবলমাত্র সিলেট-১ আসন ছাড়া সব আসনেই তারা প্রার্থীদের নাম ঘোষণা করে। দলটির সিলেট নগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ভোট ব্যাংক বাড়াতে ভোটারের নজর কাড়তে মাঠে কাজ করছেন। সিলেটে ইসলামী আন্দোলনে ভোট ব্যাংক রয়েছে বলে জানান তিনি। কয়েকদিন আগে ঢাকা থেকে প্রার্থী ঘোষণা করা হয় বাংলাদেশ খেলাফত মজলিসের। দলটির প্রধান মাওলানা মামুনুল হক সিলেটের ১৯ আসনের মধ্যে ১৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সিলেট নগরের সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম। তিনি জানিয়েছেন, পর্যাক্রমে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে। সিলেট জেলার দু’টি আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামা ইসলাম। এ দু’টি আসন হচ্ছে সিলেট-৪ ও সিলেট-৫। এর মধ্যে সিলেট-৫ আসনে দলের আমীর নিজেই প্রার্থী। জমিয়ত নেতারা জানিয়েছেন, শিগগিরই দলের তরফ থেকে সব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।








