৫ই আগস্টে কক্সবাজার কেন, সারজিস-হাসনাতসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
তারা হলেন- দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
নোটিশে বলা হয়েছে, গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি।
এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের দিনে হঠাৎ কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতার সফর নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার দুপুর ১২টার কিছু পর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এনসিপি’র নেতারা। বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে সরাসরি কক্সবাজারের ইনানীস্থ হোটেল সি-পার্লে পৌঁছান তারা। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠক’ করছেন এনসিপি নেতারা।







