সিলেটে সড়ক দুর্ঘটনায় ৫ দিনের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটে ৫ দিনের ব্যবধানে পিতা-পুত্রের জীবনাবসান হলো সড়ক দুর্ঘটনায়। দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছিল। এতে আহত গেদা মিয়া ও তার ছেলে রুহিন গুরুতর আহত হন। ঘটনার দিনই রুহিন মারা গেলেও চিকিৎসাধীন ছিলেন পিতা গেদা। অবশেষে তিনিও মারা গেছেন।
সোমবার এ তথ্য দিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, গত বুধবার সকালে শ্রমজীবী গেদা মিয়া ও তার পুত্র রুহিন সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেট থেকে বিশ্বনাথের দিকে যাচ্ছিলেন। সাতমাইল নামক স্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রুহিন ও তার পিতা গেদা মিয়া গুরুতর আহত হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেওয়ার পথে রুহিন মারা যান। আর হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার গেদা মিয়াও মারা যান।







