জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন রংপুরের আবু সাঈদের দুই ভাই
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের আবু সাঈদের দুই ভাই জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়েছেন।
আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেইট দিয়ে তারা প্রবেশ করেন।
এ সময় বড় ভাই রমজান আলী বলেন,” আমরা জামাতের পক্ষ থেকে দাওয়াত পেয়েছি। সেই দাওয়াত রক্ষা করে আজকে এ সমাবেশে এসেছি।
জামাতের রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন, “শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনকে নিয়ে আসার দায়িত্ব ছিল আমার। উনারা আমাদের দাওয়াত রেখে আজকে আমাদের সমাবেশে এসেছেন।”
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের অব্যাহত গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি । এই হত্যার ঘটনা ছাত্র-জনতার আন্দোলনকে তীব্রভাবে বেগবান করে। আন্দোলন এতই তীব্র হয়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।







