স্থায়ী কমিটির বৈঠক: সমমনাদের ৫০ আসন ছাড়ার চিন্তা বিএনপি’র
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের সমমনাদের ৫০টি আসন ছাড়ার চিন্তা-ভাবনা করছে বিএনপি। একইসঙ্গে দলের মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর মধ্যে যোগ্য ও পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি। প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছেন তারেক রহমান। এর অংশ হিসেবে তার তত্ত্বাবধানে ইতিমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে। দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছেন তিনি। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া খোঁজ নিয়েছেন সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে। যদিও এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি এখন আসনভিত্তিক প্রার্থীদেরও মতামত নিচ্ছেন তারেক রহমান। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছেন তিনি।
সূত্র জানায়, প্রার্থী চূড়ান্তের ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রাম বিশেষ করে ২০২৩ সালের ২৮শে অক্টোবর পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজধারীরা প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার ‘চমক’ আসতে পারে। সেক্ষেত্রে সারা দেশে শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, বৈঠকে নেতারা বলেন- হিন্দু সমপ্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারো তাদের পাশে থাকবে বিএনপি। এ লক্ষ্যে গত ১৪ই সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। যেখানে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে জেলা সদর ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন প্রত্যেক উপজেলা-থানা-পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামন্দির-মণ্ডপের জন্য পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিন-রাত পাহারার ব্যবস্থা করবে। এই বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং টিমের সদস্যদের সতর্ক থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে আওয়ামী লীগের হামলার ঘটনায় নিন্দা জানানো হয়। এ ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন বিএনপি’র নীতিনির্ধারকরা। তারা এসব কর্মকাণ্ডের নিন্দাও জানান।
সমপ্রতি ভারতের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে যে বক্তব্য তিনি রেখেছেন তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়। এ প্রসঙ্গটি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠককে অবহিত করেন এবং জানান, তার বক্তব্য বিকৃত ও মনগড়াভাবে উপস্থাপন করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তার এই ব্যাখ্যার বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরাও একমত পোষণ করেন।








