সিলেটে এসএ পরিবহন থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের সিলেট শাখা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করার কথা জানিয়েছে বিজিবি। এই পার্সেল সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাচালানের পণ্য দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয় বলেও অভিযোগ বিজিবির।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।
এর আগে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর টাস্কফোর্স গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে সিলেট মহানগরের নাইওরপুলস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অবৈধ মালামাল জব্দ করে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।







