সিলেটে বাইকারদের জন্য ফুল হাতে রাস্তায় এসএমপি কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, সিলেট মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না।
গতকাল বৃহস্পতিবার সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় মোটরসাইকেল আরোহীদের হাতে ফুল তুলে দিয়ে তিনি এমন কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। ব্যাটারিচালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যেকোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এজন্য আমরা বলেছি, ব্যাটারিচালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এ নির্দেশনা।
নগরীর ১২ লাখ বাসিন্দা যানজট থেকে মুক্তি চান জানিয়ে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস বলেন, সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান। আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। ফুটপাত হকারমুক্ত হবে, রাস্তা যানজটমুক্ত হবে, রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাফেরা করবে।
ফুল দিয়ে মোটরসাইকেল আরোহীদের শুভেচ্ছা জানানোর আয়োজনকে ঘিরে শহরের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর। ট্রাফিক বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও এ কার্যক্রমে অংশ নেন।







