সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক!
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
সুখ রঞ্জন চক্রবর্তীর শ্যালক সুমন কুমার রায় গত ৩১ আগস্ট জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সুখ রঞ্জন চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ ব্যারাকপুরের দমদম এলাকার সূর্যসেন পল্লির বাসিন্দা, যার ভারতীয় জাতীয় পরিচয়পত্র এবং আধার কার্ড রয়েছে। তার ভারতীয় পরিচয়পত্রের তালিকাভুক্তি নম্বর ০০০০/০০৮০২/৭৬৩৯৭ এবং আধার কার্ড নম্বর ৪০৫০২২৩৪৩৩৫১। তিনি পাবনা শহরের ২ নম্বর ওয়ার্ডেরও বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, সুখ রঞ্জন চক্রবর্তী চাকরিবিধি লঙ্ঘন করে ভারতীয় নাগরিক হিসেবে বাংলাদেশে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি ভারতে জমি ও ফ্ল্যাট কিনেছেন এবং তার স্ত্রী ও বড় ছেলে সেখানেই বসবাস করেন। তবে তার বাক প্রতিবন্ধী ছোট ছেলে ভাতা পাওয়ায় তাকে নিয়ে তিনি পাবনায় থাকেন এবং প্রায়ই দীর্ঘ ছুটি নিয়ে ভারতে যান।
তবে, এসব অভিযোগকে মিথ্যা এবং কাগজপত্রকে জাল বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, তার স্ত্রী ও সন্তানরা পারিবারিক বিবাদের কারণে ভারতে চলে গেছেন এবং তাদের সাথে তার কোনো যোগাযোগ নেই। তিনি আরও জানান, তদন্ত হলে তিনি সমস্ত প্রয়োজনীয় নথি উপস্থাপন করতে পারবেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের সাথে সম্পর্কিত কাগজপত্র তাদের হাতে এসেছে এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, তদন্ত প্রতিবেদন দ্রুতই পাওয়া যাবে এবং তার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।







