সংস্কারের দাবীতে ওসমানীনগরে মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশের গোয়ালাবাজারে সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন গাড়ি চালক, যাত্রী, ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক দিন ধরে ভাঙাচোরা আর খানাখন্দে ভরা সড়কে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে।
বৃষ্টির দিনে কাদা আর রোদে ধুলার কারণে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা পড়েছেন চরম ভোগান্তিতে। গাড়ি চলাচলের সঙ্গে সেই ধুলো ঢুকছে পথচারীদের নাকে মুখে। তারা নাক চেপে পার হচ্ছেন সড়ক। ধুলোবালির জন্য দোকানে বসে ব্যবসা করা হয়ে পরেছে মহাসংকটাপন্ন অবস্থা। ধুলোর কারণে ব্যবসায়ী ক্রেতা সাধারণ পথচারীরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পরছেন।
এ অবস্থায় অতিষ্ঠ হয়ে গতকাল মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার অংশ অবিলম্বে সংস্কারের দাবীতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে সিলেট -ঢাকা মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান দ্রুত ঘটনাস্থলে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক সংস্কারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।
অবরোধ তুলে নেয়ার পর পরই শেরপুর থেকে গোয়ালাবাজার সহ ৬লেনে উন্নীতকরণ কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান টিসিসিএল এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শান্তনু ঘোষ অবরোধকারী ব্যবসায়ীদের সাথে তাৎক্ষণিক এক বৈঠকে বসেন। শান্তনু ঘোষ আগামী ৫/৬ দিনের মধ্যে গোয়ালাবাজার অংশের সংস্কার কাজ শুরু করবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান, দৈনিক যুগান্তর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী পরিমল দেব, বনিক সমিতির নেতা ব্যবসায়ী বশির মিয়া, ব্যবসায়ী অজিত দেব, সুহেল আহমদ, আক্তার মিয়া সহ আরো অনেকে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দায়িত্বপ্রাপ্ত তমা কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিত সংস্কার না করে দায়সারা কাজ করছে। কোথাও কোথাও কেবল সিমেন্ট ও বালু দিয়ে গর্ত ভরাট করায় সড়কে ধুলিকণা বেড়ে গেছে। প্রতিদিন পানি ছিটিয়ে সাময়িক সমাধান করার চেষ্টা হলেও তা কার্যকর হচ্ছে না। অনেক সময় একদিন দুইদিন পরও মহাসড়কে পানি ছিটানো হয় এতে মহাসড়কে যানচলাচলের কারণে ধুলোঝড়ের সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী পথচারী ও ক্রেতা সাধারণ চরম দুর্ভোগ পোহাতে হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, গোয়ালাবাজারের ভাঙ্গাচোরা রাস্তার আর ধুলোবালির কারণে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিদের সাথে আমার কথা হয়েছে উনারা দ্রুততম সময়ের মধ্যে মহাসড়ক সংস্কার করে দিবেন বলে আশ্বস্থ করেছেন।
টিসিসিএলের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শান্তনু ঘোষ বলেন, আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আগামী ৫/৬ দিনের মধ্যে আমরা মেরামত কাজ শুরু করব।






