সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরাণ থানার দাসপাড়ার নোয়াগাঁওয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। রোববার রাত তিনটার দিকে একদল ডাকাত প্রবাসী কমর উদ্দিন ওরফে কলমদর আলীর বাড়িতে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এলাকায় ডাকাত প্রবেশের বিষয়টি রাতে স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা করা হয়।
প্রবাসী পরিবারের এক সদস্য জানান, ৮ থেকে ১০ জন ডাকাত বাসার গেট ভেঙে ঘরে ঢোকে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা গুলিও করে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানিয়েছেন, ডাকাতির খবর পেয়ে ভোরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৮-১০ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা ডাকাতরা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ এখনও তারা দেননি।







