ওসমানীনগরে দুর্ধর্ষ ডাকাতি, লুট হওয়া মালামালসহ আটক ৬
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ফিল্মি স্টাইলে কাভার্ড ভ্যান চালককে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় লুট হওয়া মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস এলাকা থেকে মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- তাজপুর ইউনিয়নের রবিদাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে শানুর মিয়া, উমরপুর ইউনিয়নের মাঠিহানী গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রলেক মিয়া, তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের আশিক উল্ল্যাহ ছেলে আঃ মজিদ( ২৪), গোয়ালাবাজার ইউনিয়নের গুপ্তপাড়া গ্রামের মৃত ইরন আলীর ছেলে মোঃ সুফিয়ান আহমেদ (২৬), উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের দিলশাদ আহমেদ সাদি (২১), মোগলাবাজার উপজেলার চর মোহাম্মদপুর (বর্তমান সুরতপুর) গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে সাইদুর রহমান সাদি।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে সিলেট থেকে এসএ পরিবহণের কাভার্ড ভ্যানে (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-উ-১৪-৩৮০৩) পার্সেল লোড করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশের তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এসে পৌছালে দুই পাশ থেকে ২টি মোটর সাইকেল ও ১টি পিকঅ্যাপ গাড়ীতে ১০জন ডাকাত গাড়ীর থামানোর জন্য বেরিকেড দেয়। এসময় কাভার্ড ভ্যানের দরজা না খুলে দেয়ায় দরজার গ্লাস ভাঙ্গার চেষ্টা করে তারা। গাড়ী থামানোর পর দরজা খুলে দিলে গাড়ীর ভিতরে ৪ জন ডাকাত ধারালো (ছুরি) অস্ত্র দিয়ে ভ্যান চালক মোঃ মোস্তফা ও এসএ পরিবহনের সুপার ভাইজার মোঃ ফারাদুল ইসলামের কোমরে ধরে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ৩ জন ডাকাত তাদের ব্যবহৃত পিকআপ গাড়ীতে তুলে মঙ্গলচন্ডী রোড দিয়ে সুপারভাইজারকে নিয়ে যায়। আরও ২ জন ডাকাত ভ্যান চালকের পেটে চাকু ধরে তাদের কথামত গাড়ী চালানোর জন্য বলে। তাদের কথা মতো কাভার্ড ভ্যান চালিয়ে তাজপুর বাজারে আসার পর ডাকাতরা ভ্যান চালককে সিট থেকে উঠিয়ে ১ জন ডাকাত ড্রাইভিং করে কাভার্ড ভ্যান চালিয়ে তাজপুর মঙ্গলচন্ডি বাজার থেকে ০১ কিঃ মিঃ দূরে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গাড়ী থামিয়ে ১৫- ১৬ জন ডাকাত চালক ও সুপার ভাইজারকে অস্ত্রের মুখে জিম্মি করে সুপার ভাইজারের কাছে কাভার্ড ভ্যানের পিছনের দরজার তালা চাবি চায়। চাবি না দেয়ায় এক ডাকাত তার মাথায় পিস্তল ধরে চাবি নিয়ে কাভার্ড ভ্যানের দরজা খুলে ১০ লক্ষ ৪৭ হাজার ৪৯০ টাকার মশলা, ফুসকা, টি-শার্ট, ক্রিম, জিরা, সিগারেট, চাল, কাপড়, গিফট সমাগ্রী লুট করে নেয় ডাকাতরা। লুটের পর সুপার ভাইজারের মাথায় পিস্তল ও কাভার্ড ভ্যান চালকের’ পেটে চাকু ধরে তাহার কথামত গাড়ী চালিয়ে শেরপুর টুল প্লাজার সামনে যাওয়ার পর ১ জন ডাকাত তাদের ২টি মোবাইল দিয়ে গাড়ী নিয়ে চলে যাওয়ার জন্য বলে। বিষয়টি মোবাইলে ফোনে এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস সিলেট নাইওরপুল শাখা ও ঢাকা শাখায় অবগত করলে নাইওরপুল শাখার ম্যানেজার শাহ আলম শেরপুর চত্ত্বরে আসলে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় ব্যাপক খোঁজাখোজিঁ করেন তারা। লুট হওয়া মালামালের কোন সন্ধান না পেয়ে ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার এবং ৩ জনকে আটক করে পুলিশ। এঘটনায় রবিবার এসএ পরিবহনের সুপার ভাইজার মোঃ ফারাদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, ডাকাতির খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে লুট হওয়া মালামাল উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়েছে। রবিরাতে আরও ৩ জনকে আটক করে পুলিশ। এঘটনা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।






