আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব: সিলেটের ডিসি
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব’- বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।
বৃহস্পতিবার বিকেলে সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক এ কথা বলেন।
তিনি বলেন, ‘আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে, সে জন্য আমরা আরও কঠোর নজরদারির ব্যবস্থা করব। লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খুঁজে বের করে আমরা রি–ইনস্টল করছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম।’
সাদাপাথর পরিদর্শন শেষে নতুন জেলা প্রশাসক কোম্পানীগঞ্জে তিনটি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা পাথর জব্দ করার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে।
সারওয়ার আলম বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।
এরপর ডিসি সারোয়ার আলম কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।








