লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক আটকে সংঘর্ষ-ভাঙচুর, আ হ ত অর্ধশতাধিক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৪:০২ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রেষ্টুরেন্ট আর ডেকোরেটার্স ব্যবসায়ীর দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় ৫৫ মিনিট বন্ধ থাকে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে লালাবাজারের একটি ড্রেনের সংস্কার নিয়ে বাজার কমিটির বৈঠক চলছিল। বৈঠক চলাকালে পাপড়ি রেস্টু রেন্টের মালিক লিটন আহমদ ও সিফাত ডেকোরেটার্সের মালিক সিফাত আহমদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বৈঠক থেকেই উত্তেজিত হয়ে চলে আসেন। রাত সাড়ে ৮টার দিকে লিটন আর সিফাতের লোকদের মধ্যে তমুল সংঘর্ষ শুরু হয়।
একপক্ষ আরেক পক্ষকে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে পাপড়ি রেস্টুরেন্ট থেকে কোমল পানীয়র কাচের বোতল দিয়ে প্রতিপক্ষের ওপর ছোড়া হয়। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে লিটন ও হুমায়ুন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যাত্রীছাউনি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।







