ওসমানীনগরে ইনডোর স্পোর্টস সেন্টার পরিচালনায় প্রশাসনের ৩ সিদ্ধান্ত, না মানলে অভিযান
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ইনডোর স্পোর্টস সেন্টার ও খেলার মাঠগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এসব সিদ্ধান্ত অমান্য করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ইনডোর স্পোর্টস সেন্টার ও গ্রাউন্ডসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১০ টার পর ইনডোরে খেলাধুলা বন্ধ করতে হবে। সন্ধ্যার পর কোনো অপ্রাপ্তবয়স্ক ইনডোরে খেলতে পারবে না। পাশাপাশি ইনডোরে আসা সব খেলোয়াড়ের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে।
এছাড়া ইনডোরের ভেতরে খেলোয়াড় ছাড়া অতিরিক্ত লোকজনের প্রবেশ নিয়ন্ত্রণ করতে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ইনডোরে সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ সংরক্ষণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে এসব ফুটেজ সরবরাহ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল এবং গোয়ালাবাজার ইনডোরের দায়িত্বপ্রাপ্ত তাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইনডোর মালিক ও দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ অভিযান পরিচালনা করা হবে।







