দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

বালাগঞ্জ প্রতিনিধি:
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নিয়েছে শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটি। এরই ধারাবাহিকতায় বালাগঞ্জের দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদরাসার হিফজ বিভাগ ও বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে আজ ৩ সেপ্টেম্বর মাদরাসার হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটি ও দারুল উলুম সোনাপুর রুপাপুর মাদরাসার মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় আগামী দুই বছরের জন্য মাদরাসার হিফজ বিভাগ ও বোর্ডিংয়ের শিক্ষার্থীদের সাধারণ অসুস্থতা, জ্বর, মাথাব্যথা, ছোটখাটো আঘাত, কাটা-ছেঁড়া, ব্যথাসহ বিভিন্ন সমস্যায় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা প্রদান করা হবে।
চুক্তি অনুযায়ী, গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা প্রাথমিক চিকিৎসার বাইরে কোনো পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসাকেন্দ্র বা হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে। তবে বিশেষজ্ঞ চিকিৎসা, অস্ত্রোপচার কিংবা দীর্ঘমেয়াদি চিকিৎসা এ সেবার আওতাভুক্ত নয়।
অনুষ্ঠানে শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী শাহ রাবেল রাহী বলেন, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। বিশেষ করে আবাসিক মাদরাসার শিক্ষার্থীরা অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা সহায়তা দেওয়া নয়; অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালানো।”
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রবীণ আলেম মাওলানা মুজাম্মিল আলী।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাপুর পুরাতন জামে মসজিদের সেক্রেটারি ও ব্যবসায়ী মতছির আলী মুন্না, আলকাওছার ইসলামী যুব সমাজের সভাপতি বিলাল আহমদ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাওলানা হুসাইন আহমদ আওলাদ, সাবেক মেম্বার হাজি মানিক মিয়া, ক্বারি ফয়জুর রহমান, রফাত আছিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারি আব্দুল ওয়াহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি সুন্দর আলী, আব্দুল গণি,সাংবাদিক আতাউর রহমান কাওছার, শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য রুবেল আহমদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাহ আইনউল্লাহ ওয়েলফেয়ার সোসাইটির “অসহায় মানুষের পাশে, আলোর পথেই প্রত্যয়ে”—এই মূলমন্ত্রকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি সময়ে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






