ইতিহাস গড়ে সিলেট-২ আসনের প্রথম নারী এমপি ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
জুবেল আহমদ:
আবেগ, স্মৃতি আর অঙ্গীকারে মোড়া এক নির্বাচনী ফলাফলে ইতিহাস সৃষ্টি হলো সিলেট-২ আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে থেকে বিএনপির প্রার্থী নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে জয়ী হয়ে এই আসনের প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জামায়াত জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুনতাসির আলীকে প্রায় ৮০ হাজার ভোটে পরাজিত করে তিনি এই ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনেন।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই লুনার ভাষণে ঘুরে ফিরে এসেছে একটি নাম ‘ইলিয়াস আলী’। একসময় সিলেট-২ আসনের মানুষের কাছে উন্নয়ন, সাহসী নেতৃত্ব ও ত্যাগের প্রতীক হয়ে ওঠা এই নেতার অনুপস্থিতি এখনও মানুষের হৃদয়ে বেদনার দাগ হয়ে আছে। সেই শূন্যতাকে শক্তিতে রূপ দিয়েই রাজনীতির ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লুনা। অনেকেই বলেছেন, ইলিয়াস আলীর প্রতি ভালোবাসা আর লুনার সাহসী অবস্থান এই দুই মিলিয়েই ভোটারদের এই রায়।
স্থানীয় নেতাকর্মীদের মতে, লুনার এই বিজয় কেবল সহানুভূতির ফল নয়, বরং দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, মাঠপর্যায়ের যোগাযোগ এবং নারী নেতৃত্বের দৃঢ় অবস্থান তাকে এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। বিগত বছরগুলোতে তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন, দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং এলাকায় উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, এই জয় প্রমাণ করে সিলেট-২ এখনো ইলিয়াস আলীর স্মৃতি ও আদর্শ বুকে ধারণ করে আছে। একই সঙ্গে এটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
জয়ের পর প্রতিক্রিয়ায় তাহসিনা রুশদীর লুনা বলেন, এ বিজয় সিলেট-২ আসনের মানুষের। এটি আমার স্বামীর আদর্শ ও আপনাদের ভালোবাসার বিজয়। আমি এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারা অব্যাহত রেখে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে চাই।
ফলাফল: সিলেট-২ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী (দেয়ালঘড়ি প্রতীক) পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ ভোট। সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।






