স্ত্রী’র মৃত্যুর খবর শুনে স্বামীরও মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃঃ
প্রাণপ্রিয় স্ত্রীর মৃত্যুর খবর সইতে না পারলেন না ওয়ারিছ মিয়া (৮৫)। পরপারে পাড়ি জমালেন তিনিও। আড়াই ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার রাতে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রিনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় ভানুগাছবাজারে মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রীনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে আজ (মঙ্গলবার) ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান।
এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী ওয়ারিছ মিয়া মারা যান। এলাকায় এ ধরনের ঘটনা প্রথম ঘটল। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল বলে স্বজনেরা জানিয়েছেন।
ওয়ারিছ মিয়া রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। বেলা সাড়ে তিনটায় স্থানীয় রাউৎগাঁও বড় মোকামে জানাজা শেষে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।








