গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের সংহতি কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বিবৃতিতে তারা গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
এ ছাড়া আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ১০টায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান। দুপুর ১২টায় প্রতিটি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ।
নেতৃদ্বয় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেশের ছাত্র-জনতাকে অনুরোধ জানিয়েছেন।







