খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি : কখন আসছেন তারেক?
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। রোববার দিবাগত রাতে ভোরের দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন।
সোমবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, এমন একজন নেতা গণমাধ্যমকে বলেন, ‘তাঁর অবস্থা সংকটজনক। তবে তিনি ভেন্টিলেশনে আছেন। লাইফ সাপোর্টে আছেন, এটা ঠিক নয়।’
এর আগে সোমবার বেলা পৌনে দুইটার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন। গত রোববার রাত থেকে তিনি এ অবস্থায় গেছেন বলে আহমেদ আজম জানান।
আহমেদ আজম খান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি। বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যা-ই বলেন। আমি এগুলোর বাইরে বলব যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি।’
গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গত শনিবার তিনি সামান্য কথা বলেন। তবে সেদিনও সামগ্রিক সংকট কাটেনি। সেদিন চিকিৎসকদের পর্যবেক্ষণ ছিল, আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তাঁর সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। বিষয়টি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। তা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সালাউদ্দিন। সেখানেই এই কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডা এ জেড এম জাহিদ কথা বলবেন।’
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয় উঠে আসে এই বৈঠকে। বিষয়টি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। এক দিনেও ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানান তিনি।







