সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় বৈঠক, পুলিশের অভিযানে আটক ৭
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করতে নওফেলের বাসায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন- এমন অভিযোগে এ অভিযান চালানো হয়। একজন জুলাই যোদ্ধার ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলে নওফেলের বাসায় অভিযান চালানো হয়। সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে পরিচিত এ বাসা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, দুপুরে ফেসবুকে একজন জুলাই যোদ্ধার দেওয়া একটি স্ট্যাটাস তাদের নজরে আসে। সেখানে উল্লেখ ছিল, মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে মিটিং করছেন ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে। স্ট্যাটাস দেওয়ার পর আরও কয়েকজন জুলাই যোদ্ধা আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। তখন বিষয়টি সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয় এবং নির্দেশনা পেয়ে অভিযান শুরু করা হয়।
ওসি বলেন, যেসব জুলাই যোদ্ধা আমাদের তথ্য দিয়েছেন, তারাও আমাদের সঙ্গে এই বাসায় আসতে চেয়েছিলেন। আমরা শুধু দুজন ছাড়া কাউকে অ্যালাউ করিনি। পুলিশের অনুমতি ছাড়া কেউ যাতে সেখানে ঢুকতে না পারে আমরা সজাগ ছিলাম। আমরা পুরো ভবনে অভিযান চালিয়েছি। ওই বাসায় এখন পরিবারের সদস্য কেউ থাকেন না। সাতজনকে পেয়েছি, যারা নিজেদের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। যাচাই-বাছাই করে তাদের মধ্যে যদি নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের সহযোগী কেউ থাকেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








