ইলিয়াস আলীর সন্ধানে আন্দোলনে সরব স্থানীয় বিএনপি, ওসমানীনগরে বিক্ষোভ রবিবার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আবারও আন্দোলনে সরব ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা বিএনপি। দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ সিলেটের এই জনপ্রিয় নেতার সন্ধান না মেলায় স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভ নতুন করে ফুঁসে উঠেছে। আগামী ১৭ আগস্ট বিকেলে ওসমানীনগরে উপজেলার তাজপুরে ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে উপজেলা বিএনপি। এর আগে গত ৯ আগস্ট বাদ আসর ‘বিশ্বনাথ উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিশ্বনাথে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৪ আগস্ট ওসমানীনগর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীসহ এম ইলিয়াস আলী রহস্যজনক ভাবে নিখোঁজ হন। তাঁর গাড়িটি মহাখালী রেলগেটের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়,তবে ইলিয়াস আলী ও তাঁর চালকের কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর বিএনপি অভিযোগ করে বিগত সরকার ইলিয়াস আলীকে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে ‘গুম’ করেছে। এ ঘটনায় সারাদেশে ব্যাপক বিক্ষোভ, হরতাল ও আন্দোলন হয়। আন্তর্জাতিক মহল থেকেও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কিন্তু এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজও তাঁর কোনো খোঁজ মেলেনি।
এদিকে এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামী রবিবার (১৭ আগস্ট) দুপুর ২ টায় উপজেলার তাজপুর কদমতলাস্থ শেরাটন পার্টি সেন্টার এর সম্মুখ হতে বিক্ষোভ মিছিলটি গোয়ালাবাজারে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হবে।
বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, আমাদের প্রিয় নেতার জন্য আন্দোলনে কর্মসূচি দিয়ে রাজপথে আছি।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ বলেন, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।







