মেঘালয়ে আরেক বাংলাদেশিকে আটক, মারধর
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখোলা সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যে আরেক বাংলাদেশিকে আটকের পর মারধর করেছে স্থানীয়রা। ওই ব্যক্তির নাম আকরাম। গত সোমবার বিকেলে খনজয় এলাকার কৈঠাকোনা গ্রামের একটি বন থেকে তাকে আটক করা হয়। পরে আহত অবস্থায় তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক আকরাম শেরপুর জেলার জনাঘাটি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এ নিয়ে গত শুক্ররাত রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত মেঘালয় রাজ্যে ছয় বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেল।
মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়ের পুলিশ সুপার বানরাপলাং জিরওয়া স্থানীয় গণমাধ্যমকে জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা তথ্য পান। পরে পুলিশের একটি দল আকরামকে উদ্ধার করে। জনতার মারধরে গুরুতর আঘাত পাওয়ায় তাকে দক্ষিণ গারো পাহাড়ের মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
এর আগে তাহিরপুর উপজেলার বাগলী সীমান্তবর্তী মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় জেলার রাণীকোর সিভিল সাব-ডিভিশনের রংডাঙাই থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে গ্রামবাসী, বিএসএফ ও পুলিশ। রংডাঙাই গ্রামটি তাহিরপুর সীমান্ত থেকে প্রায় আট কিলোমিটার দূরে।
সুনামগঞ্জের ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বললেন, বাংলাদেশিদের আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই এখনও জানা যায়নি।







