ইলিয়াস আলীর সন্ধান পেতে ইতিহাস রচিত কঠোর কর্মসূচির হুশিয়ারি ওসমানীনগরের নেতাকর্মীদের
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে এবং ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গোয়ালাবাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিলে ছিল হাজারো নেতাকর্মীর উপস্থিতি। উপজেলার ৮ ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিলটি। সমাবেশে বক্তারা তারেক রহমান ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে বা যারা মিথ্যাচার করছে তাদের দাতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী দেন। আগামী সংসদ নির্বাচনে ইলিয়াসপত্নী লুনাকে ধানের শীষের একমাত্র কান্ডারী হিসাবে দেখতে চান তারা। এসময় বক্তারা বলেন, ইলিয়াস আলী ছিলেন ভারতীয় আদিপত্যবাদ ও হাসিনার ফ্যাসিবাদের আতংক। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ২০১২ সালে খুনি হাসিনা ইলিয়াস আলীকে অপহরন করে গুম করেছিল। কিন্তু হাসিনা পতনের ১ বছর অতিবাহিত হলেও এখনও আমাদের প্রাণের নেতা এম ইলিয়াস আলীর সন্ধ্যান দিতে পারেনি বর্তমান অন্তর্বতীকালীন সরকার। অনতিবিলম্বে জননেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করে আমাদের মধ্যে ফিরিয়ে না দিলে ইতিহাস রচিত কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে নামবো।
এসময় বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৩ বছর নানান নির্যাতন-নিপীড়ন আর চাপের মুখে এই আসনে বিএনপিকে ঐক্যবদ্ধ করে ছায়ার মতো পাশে ছিলেন ইলিয়াস আলীর সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। ওসমানীনগর তথা সিলেট-২ আসনে বিএনপির শক্তি ফিরিয়ে আনতে রাত-দিন পরিশ্রম করেছেন তিনি। সুতরাং সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনা ছাড়া আমরা কোন বিকল্প দেখছিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে রেকর্ড ভোটে নির্বাচিত করার অঙিকার করেন তারা।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক ফজল অহমদ জনি, সিলেট জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বদরুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ছাত্রদলের আবায়ক জুয়েব আহমদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিল লক্ষনীয়।






