ফ্যাসিবাদ, উগ্রবাদ ঠেকাতে অবশ্যই সচেতন থাকতে হবে -ছাত্রদলের সমাবেশে তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সচেতন ভূমিকা পালন করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিগত সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।’
ছাত্রদল নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত দেড় দশকে ভোট প্রয়োগে অধিকার বঞ্চিত সাড়ে ৩ কোটি ভোটারসহ সবার সমর্থন ও সহযোগিতা চাই।’







