উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২০: বার্ন ইউনিটে ভর্তি ৬০, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক অগ্নিদগ্ধকে নেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
সোমবার (২১ জুলাই) বিকেল পর্যন্ত খবর অনুযায়ী, সেখানে ৬০ জনকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। বেশিরভাগেরই শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। বেশিরভাগেরই বয়স ১৪ থেকে ২০ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে ৮টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।’







