ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৪:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ৯ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার বিষয়টি টিবিএস ও ইউএনবিকে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন।
শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা মাওলানা আবু সাঈদ (৫৫) এবং একই উপজেলার মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি পার্কিং করে চা খাওয়ার সময় আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। সেটি ঠিক করার সময় রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘ভোররাতে ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আরও দুই-তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জানা গেছে, খুলনা থেকে জামায়াতের নেতা-কর্মীরা প্রায় ২৬০টি বাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দিতে রওনা হন। নিহত মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন।








