লন্ডনে প্রধানমন্ত্রী : হোটেলের সামনে আ’লীগ বিএনপির উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৭, ৮:৫৮ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনদিনের দ্বিপক্ষীয় সফরে স্টকহোম যাওয়ার পথে মঙ্গলবার (১৩ জুন) বিকেলে লন্ডন পৌঁছেছেন। এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছাড়ে।
লন্ডনে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। এসময় আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁর সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি এবং তাঁর প্রেস সচিব ইহসানুল করিম সাথে রয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে ছিল। পক্ষে বিপক্ষে উভয় দলের নেতাকর্মীরা পরস্পর বিরোধী উত্তেজনাকর মিছিল দিতে দেখা যায় ।
অপরদিকে পররাস্ট্র মন্ত্রনালয় সূত্রে জানাগেছে লন্ডনে প্রধানমন্ত্রী ব্রিটিশ পার্লামেন্টে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটাবেন শেখ হাসিনা।
একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে শেখ হাসিনা সুইডেনের রাজধানীর স্টকহোমে পৌঁছবেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।
বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম সুইডেনে দ্বি-পক্ষীয় সফরে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিদাতা অন্যতম এই দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর।
পররাষ্ট্রমন্ত্রী রোববার সাংবাদিকদের বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে তার বিশ্বাস।
এ সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।








