৩ দিন ধরে অন্ধকারে ওসমানীনগরবাসী : প্রতিবাদে মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৭, ১২:২৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
৩দিন ধরে অন্ধকারে রয়েছেন সিলেটের ওসমানীনগরবাসী। যার কারণে পবিত্র এই রমজানে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার দুই লক্ষাধিক জনসাধারণকে। লোডশেডিং এবং যান্ত্রিক ত্রুটিতে প্রতিনিয়ত বিদ্যুৎ ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। বিদ্যুৎ ভোগান্তি চরম আকার ধারণ করায় এলাকাবাসীর মনে চরম ক্ষোভ জন্ম নিয়েছে। যখন তখন এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ক্ষোব্ধ কিছু গ্রাহক বিদ্যূতের দাবিতে তাজপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটক পড়ে। ওসমানীনগর থানা পুলিশের অনুরোধে প্রায় ২০ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা।
গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজ উদ্দিন পল্লী বিদ্যুতের ডিজিএম জহিরুল ইসলামের পদত্যাগ দাবী করে বলেন, গত তিন দিনে ২ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায়নি। দায়িত্ব পালনে ডিজিএম চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, বিদ্যূৎ ভোগান্তির সইতে না পেরে গ্রাহকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আমাদের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।
পল্লী বিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার ত্রুটি সাড়িয়ে লাইন চালুর পর আবার ৩৩ কেভির লাইন ছিড়ে যায়। এই লাইন মেরামত ৫-৬ ঘন্টা সময় লাগতে পারে।







