ওসমানীনগরে কুশিয়ারা ডাইকের ভাঙ্গন পরিদর্শন করলেন জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০১৭, ৯:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমাননীনগরের সাদীপুর ইউপির লামা তাজপুরে ভেঙ্গে যাওয়া কুশিয়ারা ডাইক দিয়ে পানি প্রবেশ করে ১৮টি গ্রামের ১ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় বরাদ্দের জন্য তালিকা প্রেরণ করেছেন। ডাইক ভেঙ্গে আকষ্মিক সাদীপুর ইউপিসহ ওসমানীনগরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা কবলিত গ্রাম গুলোর রাস্তা ঘাট ডুবে গেছে। শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গিয়ে মানুষের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ওসমানীনগরে এ মৌসুমে আগাম বন্যায় বোরো ফসল তলিয়ে যাবার ক্ষতি পুষিয়ে উঠার আগেই আবারও আকষ্মিক কুশিয়ারা ডাইক ভেঙ্গে পুনরায় উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আউস ধান পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এদিকে উপজেলার সাদীপুরে কুশিয়ারা ডাইকের ভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা আজ বুধবার বিকেলে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ থেকে আজ(বৃহস্পতিবার) থেকে ডাইকের ভাঙ্গনকৃত অংশে ভরাটের কাজ শুরু করা হবে। জেলা প্রশাসকের বরাদ্দ থেকে ডাইকের অন্যান্য নিচু এলাকায় ও মাঠি ভরাটের কাজ শুরু করা হবে। পরিদর্শনকালে জেলাপ্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শহিদুলইসলাম চৌধুরী, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুররহমান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল লতিফ,ওসমানীনগর উপজেলা নির্বাহীকর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ও সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব।








