কুশিয়ারা ডাইকে ভাঙন প্রতিরোধক কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০১৭, ২:০৩ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
টানা বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি কুশিয়ারা ডাইকের ওসমানীনগরে অংশের একাধিক স্থান ভাঙন আক্রান্ত হয়েছে। ডাইকের লামাতাজপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভাঙন প্রতিরোধে বালুর বস্তা বসানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, সমাজ সেবক শিপু চৌধুরী, আব্দুল জব্বার, শাহ্ ছুরুক মিয়া, আব্দুর রহিম ও কবির খান প্রমুখ। সরজমিন গিয়ে দেখা গেছে, কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী ওসমানীনগর উপজেলার লামা তাজপুর, পূর্ব তাজপুর, দক্ষিণ তাজপুর ও চর গাঁওয়ের দুই সহস্রসাধিক পরিবার ৪-৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন। এবিষয়ে ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া বলেন, পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে কুশিয়ারা ডাইকের আক্রান্ত এলাকায় বালির বস্তা ফেলা হচ্ছে এবং পানিবন্দি মানুষদেরকে সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয়েছে। তিনি বলেন, জরুরী প্রদক্ষেপ না নিলে পুরো উপজেলা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেছি। পানিবন্দি অসহায় পরিবারের জন্য ত্রাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।







