ওসমানীনগরে গৃহবধু নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৭, ৭:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে শিলু রানী ধর (২৬) নামের মানসিক রোগী এক গৃহবধূ নিখোঁজের খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিলু রানী ধর বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিনি উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামের নারায়ন ধরের স্ত্রী। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর শিলু রানীর কোন সন্ধান না পাওয়ায় আজ বুধবার দুপুরে তার স্বামী নারায়ন ধর বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি (সাধারণ ডায়েরী নং- ৮৯৫) করেন।
শিলু রানীর স্বামী নারায়ন ধর সুরমানিউজকে জানান, তার স্ত্রী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউকে কোন কিছু না বলে বাড়ী থেকে চলে যান।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা গৃহবধু নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।







