ওসমানীনগরে ওসি হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ চারজন কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউপি বিএনপির সভাপতি সৈয়দ কওছর আহমদ, জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, ব্যবসায়ী আব্দুল হামিদ ও ইউপি যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনকে আদালত কারাগারে প্রেরণ করেছেন। রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তারা আত্মসমর্পন করলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ থামাতে এসে দায়িত্বরত ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে মারা যান। ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নং-৯)। এতে দুই গ্রামের ১’শ জনের নাম উল্লেখসহ ৭’শ লোককে আসামী করা হয়। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য ওসমানীনগর থানা পুলিশের নিকট থেকে সিলেট পিবিআইয়ে স্থানান্তর করা হয়। পিবিআই তদন্ত শেষে অন্যান্য আসামীদের নামের সাথে গোয়ালাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, ব্যবসায়ী আব্দুল হামিদ ও ইউপি যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বিপিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার উল্লেখিত এই চার আসামী আদালতে আত্নসমর্পন করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
আদালতের জি আর শাদিল আহমদ, সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ সহ চার জনকে আদালত কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।








