ওসমানীনগরে স্বামীর হাতে স্ত্রী খুন!
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০১৭, ৫:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে সৈয়দা হেমী বেগম(৫০) নামের এক স্ত্রী নির্মম ভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হেমী খাশিপাড়া গ্রামের হান্নান মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খাশিপাড়া গ্রামের ৫ ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক হান্নান ও তার স্ত্রী সৈয়দা হেমী বেগমের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ নিয়ে তাদের গ্রামের পঞ্চায়েত ও আত্নীয় স্বজনরা একাধিকবার সালিশ বৈঠক করে তাদের পারিবারিক কলহের সমাধান করতে পারেন নি। গত রোববার হেমী বেগমের তৃতীয় ছেলে রুহিন মিয়া তার মায়ের নিকট টাকা চাইলে ছেলেকে টাকা দিতে অপারগত প্রকাশ করলে এ সময় রুহিন ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা টিভি সহ আসবাবপত্র ভাংচুর করে। এর জের ধরে গত দুদিন ধরে স্বামী হান্নান মিয়া তার স্ত্রী হেমী বেগমের সাথে ঝগড়া করে আসছেন। মঙ্গলবার ছেলে বাড়ির বাহিরে থাকার সুযোগে আবারও হান্নান মিয়া হেমী বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে কিপ্ত হয়ে হান্নান মিয়া ঘরে থাকা বটিদা দিয়ে হেমী বেগমের মাথায় একাধিক কুপিয়ে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেমী বেগমকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনা স্থল থেকে পুলিশ খুনে ব্যবহৃত রক্তমাখা বটিদা ও রক্তমাখা একটি জামা উদ্ধার করেছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা খুনের সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে স্বামী হান্নান মিয়াই তার স্ত্রী হেমী বেগমকে কুপিয়ে খুন করেন। খুনের সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।








