ওসমানীনগরে অস্ত্র মামলায় শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ৭:৫৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ওসমানীনগরে অস্ত্র ও সন্ত্রাস দমন মামলার পলাতক আসামী ছাত্র শিবির নেতা মিজানুর রহমান(২৮) কে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর কদমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর উপজেলার তাজপুর ইউপির দুরাজপুর গ্রামের রইছ উল্লার ছেলে ও তাজপুর ডিগ্রি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। ওসমানীনগর থানায় ২০১৩ সালে অস্ত্র আইনে (মামলা নং-১০), বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-৯) এবং সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ সালে (মামলা নং-৫) গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে একই রাতে উপজেলার দয়ামীর বাজারে পুলিশ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক আসামী দয়ামীর ইউপির দয়ামীর গ্রামের খছরু মিয়ার ছেলে আনোয়ার মিয়া ও সংঘর্ষের ঘটনায় উসমানপুর ইউপির লামাপাড়া গ্রামের মসলিম মিয়ার ছেলে মনসুর মিয়া (২৫) গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী শিবির নেতা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় পরোয়ানাভুক্ত থাকায় মিজনুরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






