ওসমানীনগরের মেয়ে মৃদুল : বিয়ে,অপহরণ অতঃপর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৭, ১০:৩৭ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধিঃ সিলেট শহরের উপশহর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে স্বামীর হাত ধরে স্বেচ্ছায় পালিয়ে গেছে ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের দক্ষিন রাইগদাড়া (থৈগাঁও) গ্রামের আছাব আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস মৃদুল (২১)। মৃদুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই পুলিশ তাদের দুজনকে উদ্ধার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জানাগেছে, সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকার অস্থায়ী বাসিন্ধা সোহেল আরমানের সাথে ৩ বছর আগে বিয়ে হয় ওসমানীনগর উপজেলার রাইকদাঁড়া গ্রামের জান্নাতুল ফেরদৌস মৃদুলের (২১)। মূলত: নগরীর ইসলামপুর এলাকায় মামার বাড়ি আসা যাওয়ার সময় সোহেল আরমানের সাথে মৃদুলের পরিচয় হয়। তারা পরস্পরের প্রেমে পড়েন এবং গোপনে বিয়েও করেন। সোহেলের বাড়ি চাঁদপুর জেলায়। এবিয়ে মৃদুলের পরিবার মেনে নেয়নি। তারা তাকে অন্যত্র বিয়ে দিতে চেষ্টা করছেন। সোহেল মৃদুলকে ফিরে পেতে কিছুদিন আগে আদলতে মামলাও করেছে বলে জানাগেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মৃদুল তার মাকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে উপশহরস্থ বি ব্লকের এবিসি পয়েন্ট অতিক্রম করার সময় পুলিশ গাড়ীটি থামিয়ে কাগজপত্র চেক করতে থাকে। হঠাৎ কয়েকটি মোটর সাইকেলে করে একদল যুবক এসে মৃদুলকে নিয়ে যায়। পরে গভীররাতে শাহপরাণ থানার পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে। পুলিশসূত্রে জানাগেছে, মৃদুল এবং সোহেলের বিয়ের কাগজপত্র (কাবিন) ও আছে। মৃদুল স্বেচ্ছায় তার স্বামীর সাথে গিয়েছেন বলেও পুলিশকে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন, ওদের বিয়ের কাগজপত্র আছে। তবে আমরা তাদের আদালতে হস্তান্তর করেছি। তাদের ব্যপারে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।








