ওসমানীনগরে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৭, ৩:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে মাদক মামলায় এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রবিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.এম জুলফিকার হায়াত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. আহাদ মিয়া (২৬)। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রামনগর গ্রামের আব্দুর রশিদ উরফে লেদু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো না।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে- ২০০৯ সালের ৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে ওসমানীনগর থানা এলাকার ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যানবাহন চেকিং করাকালে ঢাকা থেকে নিয়ে আসা সিলেটগামী (ঢাকা মেট্রো-চ-০২-৩৩০২) নং মাইক্রোবাসটি পুলিশ থামানোর জন্য সংকেত দেয়।
এসময় গাড়িটি নির্দেশ অমান্য করে পালাবার চেষ্টাকালে ট্রাফিক কনেস্টবল অসিত কুমার দাস গাড়িটি ধরে ফেলেন। তখন পুলিশ মাদক পাচারকারী আহাদ মিয়াকে আটক করলেও অপর পাচারকারীরা পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে সাড়ে ৪ লাখ টাকার ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং গাড়িসহ উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে ওসমানীনগর থানার এসআই সজল হালদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা নং-৪ (০৫-০১-০৯) দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে ওসমানীনগর থানার এসআই দিলীপ কান্ত নাথ একই বছরের ৪ ফেব্রুয়ারি একমাত্র মো. আহাদ মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৯ সালের ১৬ জুন থেকে আদালত এ মামলার বিচারকার্য শুরু করেন।
দীর্ঘ শুনানি ও ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. আহাদ মিয়াকে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৭ (খ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন ও আসামিপক্ষে অ্যাডভোকেট ইয়াকুতুল বাসিত শাহীন মামলাটি পরিচালনা করেন।






