ওসমানীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : কৃষকদের ঋণ মওকুফ ও প্রণোদনা ঘোষনার দাবি
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরকে দূর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের ঋণ মওকুফ, প্রণোদনা ঘোষণা, ওএমএস কার্যক্রম বৃদ্ধি, কৃষির ক্ষয়-ক্ষতির তথ্য সংশোধন ও চালের দর নিয়ন্ত্রণ করতে বাজার মনিটরিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ওসমানীনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সৈয়ীদ আহমদ বহলুল। গতকাল রবিবার দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, চৈত্রের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ওসমানীনগরে কৃষি এবং কৃষকের যে পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে কর্তৃপক্ষ তার সঠিক হিসেব দিচ্ছে না। কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ২হাজার ৬শ ৫০ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। প্রকৃতপক্ষে প্রায় ১০ হাজার হেক্টর জমির মধ্যে ৭সহ¯্রাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এজন্য ওসমনীনগরকে দূর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের ব্যাংক ঋণ মওকুফসহ কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রণোদনা ঘোষণার দাবি জানান। ৮ইউপির জন্য ১৬ মে.টন চাল অপ্রতুল উল্লেখ করে কৃষকদের জন্য ব্যাকপহারে ওএমএস কর্মসূচী চালুর দাবিও জানান। তিনি আরো অভিযোগ করেন, এলাকার খাল-নদী গুলো ভরাট এবং দখল হয়ে যাওয়ায় এলাকার কৃষির এমন ক্ষতি হচ্ছে। এজন্য বুড়ি নদী, বেজখালি খাল, দয়ালং খালসহ বিভিন্ন খাল ও নদী দখলমুক্ত করে খননের মাধ্যমে কৃষির অতীত এতিহ্যকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
বহলুল অভিযোগ করেন, পরিসংখ্যান অফিস কর্তৃক ভুল তথ্য প্রদানের কারণে উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল ক্রয় সুবিধাভোগীর সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে। এজন্য তিনি নিন্দা জ্ঞাপনসহ তা সংশোধন করে এই সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির দাবি জানান। বাজার মনিটরিংয়ের অভাবের কথা জানিয়ে তিনি বলেন, একটি শ্রেণি বিনা কারণে চালের দর বৃদ্ধি করলেও বিষয়টি দেখার কেউ নেই। সাধারণ মানুষকে এমন দূর্ভোগ থেকে রক্ষা করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা একান্ত প্রয়োজন।






