ওসমানীনগরে সংবাদ সম্মেলনে বোরো ফসল ধ্বংসকারী মুমিনপুর স্লুইসগেট অপসারণ দাবি
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০১৭, ৯:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউপির মুমিনপুর আলিকা খালে অপরিকল্পিত ভাবে নির্মিত এলাকার বোরো ফসল ধ্বংসকারী স্লুইসগেট অপসারণ এবং কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন কৃষকরা। গতকাল রবিবার বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ‘রুনিয়া হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটি’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে কৃষক নেতারা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হাউনিয়া ছনিয়া হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. কর্তৃক জ্যাইকার অর্থায়নে মুমিনপুরের আলিকা ও বড়ভাগার মিলনস্থলে নির্মিত সরু আকৃতির স্লুইসগেটের কারণে এলাকার সহস্রাধিক কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়ে আসছেন। তারা অভিযোগ করেন, গড়ে ১৫০ ফুট প্রস্থের খালের পানি নিষ্কাশনের জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে স্থাপিত ৪ফুট প্রস্থের ৩কপাটের স্লুইস গেটের কারণে চলতি মৌসুমে রুনিয়া, হাউনিয়া, ডুবার ও বলদার হাওরের প্রায় ১৫’শ একর জমির ফসল একেবারে নষ্ট হয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা। এর আগে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ২০১৫-১৬ সালে কৃষকদের প্রায় ৪ কোটি টাকার ফসল নষ্ট হয়। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, এই স্লুইগেট এলাকার কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে মর্মে ২০১৫ সালের নভেম্বরে উপজেলা পরিষদের মাসিক সভাকে অবগত করেন তৎকালিন দয়ামীর ইউপি চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। এই স্লুইসগেট অপসারণ এবং কৃষকদের ক্ষতিপুরণ আদায় না হওয়া পর্যন্ত এলাকার কৃষকদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান কৃষকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘রুনিয়া হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটি’র আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবদুল হাই মোশাহিদ। উপস্থিত ছিলেন, কমিটির নেতা মো. দিলু মিয়া, আমির আলী, গিয়াস উদ্দীন, নজমুল ইসলাম।






