ফুলতলীতে নিহত ওসমানীনগরের জিতু মিয়ার দাফন সম্পন্ন, শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৭, ৩:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর বাড়ীতে ঈসালে সওয়াব মাহফিলে খাবার সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুইজনের মধ্যে ওসমানীনগরের জিতু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ময়না তদন্তের পর নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মাহফিলে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণকারী জিতু মিয়া (৩৫) ওসমানীনগর উপজেলার নগিরকাপন গ্রামের মকবুল হোসেনের পুত্র। নিহত জিতু পেশায় ছিলেন টমটম চালক। তার দুই ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু সংসারে শোকের ছায়া নেমে এসেছে।
গত রোববার জকিগঞ্জের ফুলতলীতে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর গ্রামের বাড়িতে ঈসালে সওয়াব মাহফিলে খাবার সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে দুইজন মারা যান। এ ঘটনায় আরো অনেকে আহত হন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানাজায় ফুলতলী সাহেব বাড়ি থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও জানাযার নামাজ পড়ান, আনজুমানে আল ইসলাহ’র সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সরওয়ার জাহান। তিনি সাহেব বাড়ির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
জানাযায় আলইসলাহ, তালামীযা’র কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্থরের শত-শত মানুষ উপস্থিত ছিলেন।
জিতু মিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দু:খ প্রকাশ করে জানাজা পরবর্তী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।






