বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রানবন্ত ডিনার আয়োজন, পারিবারিক মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ
মিশিগান প্রতিনিধিঃ
মিশিগানে প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রেস ক্লাব মিশিগানের বার্ষিক ডিনার। প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন পারিবারিক মিলনমেলায়।
শনিবার রাতে মিশিগানের ওয়ারেন শহরের আল শাহী প্যালেসে আয়োজিত এ ডিনার অনুষ্ঠানে সদস্যরা এক টেবিলে বসে একসঙ্গে খাবার গ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও উষ্ণ ও আন্তরিক করে তোলে।
অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি সৈয়দ শাহেদুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সুহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন।
এর আগে কেক কেটে মিশিগানের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুপ্রভাত মিশিগান’-এর আট বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন পোর্টালটির সম্পাদক চিন্ময় আচার্য্য।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।








