সাংবাদিক তুহিন হত্যায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা-প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। একইসঙ্গে ক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
গতকাল শুক্রবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিতএক সংবাদ বিবৃতিতে ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ এর নিন্দা প্রতিবাদ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সংবাদকর্মীর কাজই হলো অন্যায় -অনিয়ম তুলে ধরা। ভিডিও করার কারণে সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। এটি চরম ন্যাক্কারজনক ঘটনা। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ হত্যাকাণ্ডে দায়ী সন্ত্রাসী ও খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নাহলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
বিবৃতি দেন -ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান,প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি,কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি , আব্দুল কালাম আজাদ,উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।







