বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১৭১
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
স্বজন-সহপাঠীদের আহাজারিতে ভারী ঢাকার উত্তরার আকাশ। বাতাসে যেন লাশের গন্ধে ভারী হয়ে যাচ্ছে চারিদিকের পরিবেশ। সবাই নিজ নিজ সন্তানের খোঁজে ছুটছেন এদিক ওদিক। কেউ বা পেয়েছেন পুড়ে যাওয়া লাশ কেউ বা সন্তানের খোঁজে ছুটছেন হাসপাতালে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছে। এ ছাড়াও বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২
ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ৩
সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২
উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত নেই
এই ৮ হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন ১৭১ জন।
এদিকে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত–নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।







