নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই: প্রেস সচিব
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হবে এবং সবার জন্য সমতাভিত্তিক সুযোগ দেওয়া হবে। এটি অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভালো হবে। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন আলোচনা করছে। সবাই আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করছে।
শফিকুল আলম বলেন, শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এদেশের সোনালি প্রজন্ম। সোনালি প্রজন্ম এজন্য বলছি, কারণ আমরা প্রাপ্ত বয়স্করা কিন্তু পারিনি। তাদের ভাষা গুলো কিন্তু খুব বেশি আক্রমণাত্মক ছিল না। এই যেমন: ‘নাটক কম করো পিও’। তারা চেয়েছিল সংস্কার, তারা দেয়ালে লিখেছে এবং সেটা করে দেখিয়েছে।
তিনি আরও বলেন, বিগত বছরে সরকার স্বৈরাচারী হয়েছিল আয়নাঘরের মাধ্যমে। বিরোধী মত দমনে আয়নাঘরে পাঠিয়ে দিত। আমরা চাই না আর কোনো আয়না ঘর তৈরি হোক। ভবিষ্যতে আর যেন কোনো আয়নাঘর তৈরি না হয়।
“The Next Wave” প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত TEDxComillaUniversity অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর ও সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ প্রমুখ।







