সর্বশেষ খবরে সিলেটে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ জনে
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২০, ৩:০৪ পূর্বাহ্ণ

সুরমা নিউজ :
সিলেট বিভাগে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ায় ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পাশাপাশি ঢাকাতেও হচ্ছে করোনার পরীক্ষা। সিলেট এবং ঢাকার ল্যাবে পরীক্ষা শেষে শনিবার (৯ মে) মোট ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজে ৪ জন এবং ঢাকায় ৫ জনের করোনা শনাক্ত হয়।
জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার মোট ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের ফলাফল পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, ‘শনিবার (৯ মে) ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের পজেটিভ আসে। তাদের মধ্যে ৩ জন মৌলভীবাজারের ও একজন হবিগঞ্জের।’
এর আগে একইদিনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাকা ফেরত এক যুবকের (২২) করোনা শনাক্ত হয়। তিনি উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি উপজেলায় করোনায় আক্রান্ত তৃতীয় ব্যাক্তি ।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী জানান, গোলাপগঞ্জে ঢাকা ফেরত একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ রবিবার (১০ মে) আক্রান্তের পরিবারের সদস্যদের এবং তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই যুবক কর্মসূত্রে ঢাকা বসবাস করে। ঢাকায় থাকাকালীন কয়েকদিন আগে তার নমুনা পরীক্ষাগারে দিয়ে তিনি গত শুক্রবার বাড়িতে আসেন। শনিবার ( ৯মে ) সকালে তার মোবাইলে সংশ্লিষ্ট পরীক্ষাগার থেকে ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে এবং কর্মরত চিকিৎসকরা বিষয়টি যাচাই-বাচাই করে তার করোনা আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
একই দিন (৯ মে) মৌলভীবাজারে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। । এর মধ্যে একজন নার্স ও একজন পুলিশ সদস্য রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
তিনি জানান, আক্রান্ত ৫ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩ জন এবং ঢাকা থেকে ২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। মধ্যে মৌলভীবাজার সদরের ১ জন নার্স এবং রাজনগরের ১ জন পুলিশ সদস্য রয়েছেন। বাকি ৩ জন কমলগঞ্জের। তারা বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।
একইদিনে ঢাকার ল্যাবের পরীক্ষায় হবিগঞ্জের আরও দু’জনের করোনা শনাক্ত হয়। এই দুজনই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার। তারা দুইজনই পুলিশ সদস্য। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে আরও একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মুস্তাফিজুর রহমান। তিনি জানান, শনিবার (৯ মে) হবিগঞ্জে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকা থেকে দুইজনের রিপোর্ট আসে এবং তারা দুইজন পুলিশ সদস্য। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও একজনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।







